দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা ৫ হাজার ৭৬০ পিস অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব ডিসপ্লের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকা। এ সময় চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়।
শনিবার দুপুরে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।
তিনি জানান, শনিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি টহল দল অভিযান চালায়। এ সময় বিজয়নগর উপজেলার কামালমোড়া এলাকায় সীমান্ত পিলার ২০০৭/৭-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কয়েকজন সন্দেহভাজনের গতিবিধি দেখতে পায় বিজিবি।
তারা ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায় তারা। পরে ঘটনাস্থল থেকে ৫ হাজার ৭৬০ পিস ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়। জব্দ করা মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ আরও জানান, মাদক ও চোরাচালান প্রতিরোধে সরাইল ব্যাটালিয়ন নিয়মিত অভিযান পরিচালনা করছে। গত এক বছরে বিভিন্ন অভিযানে ১১২ কোটি ৩৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। এ সময় ২৪ জনকে আটক করে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
যে আই